টেকনাফে নৌবাহিনীর অভিযান, ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে টেকনাফে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এ মাদক উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক চক্রের সন্দেহজনক গতিবিধির তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি আভিযানিক দল লেঙ্গুরবিল এলাকায় অবস্থান নেয় এবং চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে।
তল্লাশির সময় চট্টগ্রাম মেট্রো-গ ১১-৭৮১৬ নম্বরের সাদা রঙের করোলা এক্স (Corolla X) প্রাইভেট কারটি থামানো হয়। পরে গাড়িটির গ্যাস সিলিন্ডারের পেছনে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ইয়াবা ও জব্দ করা প্রাইভেট কারটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং সমুদ্র ও উপকূলীয় পথে মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










