টেকনাফে বিএনপির মনোনয়ন না পেয়ে আবদুল্লাহ সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

টেকনাফে বিএনপির মনোনয়ন না পেয়ে আবদুল্লাহ সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন

টেকনাফে বিএনপির মনোনয়ন না পেয়ে আবদুল্লাহ সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন
ছবি সংগৃহীত।

কক্সবাজারের টেকনাফ পৌর শহরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ-এর সমর্থকেরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। উখিয়া-টেকনাফ ৪ আসন থেকে আব্দুল্লাহকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ায় গভীর রাতে তাঁর সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে টেকনাফ শহরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।

 

বিক্ষুব্ধ সমর্থকেরা বলেন, আব্দুল্লাহ ছিলেন দলের একজন ত্যাগী ও মজলুম জননেতা। দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন জেল-জুলুম সহ্য করে তিনি রাজপথে বিএনপির পতাকা ধরে রেখেছিলেন। তাঁকে মনোনয়ন না দেওয়া মানে দলের জন্য ত্যাগ স্বীকারকারীদের অবহেলা করা। আব্দুল্লাহ সমর্থকেরা হুঁশিয়ারি দেন যে, এই মনোনয়ন প্রত্যাহার না করা হলে আন্দোলন ও প্রতিবাদ আরও বেগবান করা হবে।

 

অন্যদিকে, কক্সবাজার-০৪ আসনের (উখিয়া-টেকনাফ) ত্রয়োদশ সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন পেয়ে শাহজাহান চৌধুরী তাঁর অনুভূতি প্রকাশ করেছেন। তিনি প্রথমে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। এরপর তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানান, যিনি ২৬ বছর বয়সে তাঁকে প্রথম মনোনয়ন দিয়ে এই আসনটিতে দলের কাজ করার সুযোগ করে দেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ও সর্বশেষ তারেক জিয়াও আসনটির মনোনয়ন দিয়ে তাঁকে মূল্যায়ন করায় তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন।

শাহজাহান চৌধুরী তাঁর অনুভূতিতে আরও বলেন, উখিয়া-টেকনাফের ভোটারদের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। নেতা-কর্মীরা দীর্ঘ বছর যে নির্যাতন, জেল-জুলুম ও ত্যাগ স্বীকার করেছেন, আজকের এই মনোনয়ন তার প্রতিফলন। মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গেই উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকায় শাহজাহান চৌধুরীর সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যায় এবং তাঁরা আতশবাজি ফুটিয়ে শুভেচ্ছা মিছিলে রাজপথ সরগরম করে তোলেন।

 

এদিকে, অপর মনোনয়নপ্রত্যাশী মো. আব্দুল্লাহর ভাই ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ তাঁর ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে সমর্থকদের শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি লেখেন, "বিগত দিনে যারা সুখে-দুঃখে আব্দুল্লাহর পাশে ছিলেন, তাদের প্রতি এবং বিএনপি পরিবারের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি হতাশ না হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা সবাই বিএনপি পরিবার। বিএনপি'র মতো এত বড় একটি বৃহৎ দলে বিনা প্রতিযোগিতায় মনোনয়ন আশা করা যায় না। প্রতিদ্বন্দ্বিতা নই, প্রতিযোগিতা করেছি। ভবিষ্যতে সম্মানের সহিত আরও বড় কিছু অপেক্ষা করছে।" তিনি ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দ্বিগুণ শক্তিশালী হয়ে ভোটের মাঠে নামার আহ্বান জানান এবং বলেন, “আব্দুল্লাহর নেতৃত্বে এখনো ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।