টেকনাফে রঙ্গিখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: 'মাদক ও অপরাধ জগৎ থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই'

মাদক ও অপরাধ জগৎ থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই উদ্দেশ্যকে সামনে রেখে টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী রঙ্গিখালী আন্তঃটেকনাফ রঙ্গিখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২০২৬ খ্রিস্টাব্দের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রঙ্গিখালী ডিগ্রি মাদ্রাসা মাঠে এ খেলার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আলী চেয়ারম্যান বলেন, খেলাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়ে মাদক ও অপরাধে জড়িতদের ফিরিয়ে আনতে হবে। খেলাধুলা মানুষের বিনোদন ও মনের খোরাক। এটি শারীরিক ব্যায়ামের পাশাপাশি মনকে সুস্থ রাখে। অপরাধ প্রবণতা কমিয়ে আনে।
মাদক ও অপহরণমুক্ত টেকনাফ গড়তে যুবকদের অংশগ্রহণের বিকল্প নেই। টেকনাফের বদনাম গোছাতে এ ধরনের খেলা জরুরি। দর্শকদের বিনোদন দিতে খেলোয়াড়দের সুন্দর খেলা উপহার দিতে হবে। সমাজে ছড়িয়ে দিতে হবে খেলাধুলার বার্তা।
এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা রেফারি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও টেকনাফ উপজেলা রেফারি ও আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ জামান, ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোসেন, রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল আলম আজাদ, সাংবাদিক সৈয়দ আলম, আমান উল্লাহ কবির, মুরাদ জিয়া, সেলিম সর্দার, শাহ আলম, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক সাংবাদিক নাসির উদ্দিন রাজ ও সদস্য সচিব মোহাম্মদ আলম প্রমুখ।
খেলায় গবী সুলতান ফুটবল একাদশ বনাম মিনা বাজার ফুটবল একাদশ অংশগ্রহণ করে। উভয় দল দর্শকদের টানটান উত্তেজনা ও রোমাঞ্চকর খেলা উপহার দেয়। শেষ পর্যন্ত ২-২ গোলে খেলা ড্র হয়।
উদ্বোধনী এই খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন শফিউল আলম। সহকারী রেফারি ছিলেন কানন কুমার, বেলাল উদ্দিন। চতুর্থ রেফারি ছিলেন হেলাল উদ্দিন।










