টেকনাফে হ্নীলা একাডেমি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৩০০ শিক্ষার্থী
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

টেকনাফে হ্নীলা একাডেমি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৩০০ শিক্ষার্থী

টেকনাফে হ্নীলা একাডেমি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৩০০ শিক্ষার্থী
ছবি সংগৃহীত।

টেকনাফে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘হ্নীলা একাডেমি মেধা বৃত্তি’ পরীক্ষা-২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার হ্নীলা আল ফালাহ একাডেমি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আয়োজক সূত্রে জানা গেছে, হ্নীলা ইউনিয়নের ৬টি কেজি স্কুল, ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১২টি ইবতেদায়ি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং টেকনাফ উপজেলার ১৫টি স্কুল ও ১১টি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এই মেধা যাচাই পরীক্ষায় অংশ নেয়। নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ ও পরীক্ষার হল সুপার মমতাজুল ইসলাম মনু এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষাকালীন কেন্দ্র পরিদর্শন করেন কক্সবাজার জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী এবং হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।

পরিদর্শনকালে মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, “শিক্ষার মান ও হার বৃদ্ধিতে এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধা বিকাশে যারা এ আয়োজন করেছেন তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।” হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, “মেধাবী সমাজ গঠনে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করে। দীর্ঘ আট বছর ধরে হ্নীলা একাডেমি শিক্ষার প্রসারে যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়।”

বৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল হোছাইন ভুট্টো জানান, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় একাডেমি কর্তৃপক্ষ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা তৎপর ছিলেন। হল সুপার মমতাজুল ইসলাম মনু জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে আজই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে।

কেন্দ্র পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক জহির আহমদ, অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী, অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরীসহ স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের লক্ষ্যে হ্নীলা একাডেমি নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালনা করে আসছে।