টেকনাফে ৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে 'ড. গাজী কামরুল ইসলাম বৃত্তি' পরীক্ষা সম্পন্ন

টেকনাফের সর্ববৃহৎ হ্নীলা ইউনিয়নের রঙিখালীতে 'ড. গাজী কামরুল ইসলাম বৃত্তি' পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও শিক্ষামূলক সংগঠন 'রঙিখালী স্টুডেন্ট ফোরাম'-এর আয়োজনে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলার প্রাথমিক পর্যায়ের (স্কুল ও মাদ্রাসা) চতুর্থ শ্রেণি এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণি সমমানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় নির্দিষ্ট কারিকুলামে শান্তিপূর্ণ পরিবেশে রঙিখালী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে ১৫টি কক্ষে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সূত্র জানায়, পরীক্ষায় চতুর্থ শ্রেণির ১৮৫ জন স্কুল শিক্ষার্থী ও ২০৫ জন মাদ্রাসা শিক্ষার্থী এবং সপ্তম শ্রেণির ১৩৯ জন স্কুল শিক্ষার্থী ও ১৪৯ জন মাদ্রাসা শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপজেলার মোট ৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৩৮ জন। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল শনিবার রাতেই প্রকাশ করার কথা রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মাস্টার মো. হেলাল উদ্দিন এবং কেন্দ্র সচিব মাস্টার মনছুর আলম জানান, অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা শেষ হয়েছে। রঙিখালী স্টুডেন্ট ফোরামের সভাপতি শাখাওয়াত হোছাইন ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সোহেল বলেন, ২০১৬ সাল থেকে এই সংগঠনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।
বৃত্তি পরীক্ষা চলাকালে ২ নং হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী কেন্দ্র পরিদর্শন করেন। তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, রঙিখালী স্টুডেন্ট ফোরাম এই অঞ্চলের ইতিহাস তুলে ধরার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অতুলনীয় অবদান রাখছে। তিনি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, ইউপি সদস্য জামাল হোসাইন, রঙিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির সদস্য জামাল সাদেক, সাংবাদিক ছৈয়দ আলম, আমান উল্লাহ কবির, নাছির উদ্দিন রাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রনেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রে সার্বিক দায়িত্ব পালন করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মামুনুর রশীদ, দেলোয়ার হোসেন রাজু ও ৫০ জন কক্ষ পরিদর্শক।










