টেকনাফে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

টেকনাফে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

টেকনাফে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
ছবি সংগৃহীত।

'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়'— এই প্রতিপাদ্যে কক্সবাজারের টেকনাফে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে শনিবার (১ নভেম্বর) বিভিন্ন সমবায় সমিতির সহযোগিতায় দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা প্রাঙ্গণ থেকে ব্যানার নিয়ে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন। টেকনাফ উপজেলা সমবায় কর্মকর্তা কবির আহমদ-এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই আত্মনির্ভরশীল সমাজ গড়ে উঠতে পারে।

বক্তারা আরও বলেন, 'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়' এই প্রতিপাদ্য বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সম্ভব। বিশেষ করে নারীরা ঘরে বসেই সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে আয়ের পথ সুগম করতে পারে। বক্তারা সংগঠন না বাড়িয়ে, সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, সমবায় মানুষকে স্বাবলম্বী করে তোলে এবং একে অন্যের প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। আগামীতে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সভায় বক্তারা জানান, টেকনাফ উপজেলায় বর্তমানে ৪৪১টি সমবায় সংগঠন রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৫২টি পরিবহন নামে। একটি উপজেলায় এতগুলো পরিবহন সমিতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে বক্তারা সেগুলোর তদারকি করে সক্রিয় করার ওপর জোর দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলজিইডি কর্মকর্তা মো. রবিউল হাসান। এছাড়া সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, গিয়াস উদ্দিন ভুলু সহ সমবায়ের সদস্যবৃন্দ।

এর আগে র‍্যালিতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে প্রবাসী সমবায় সমিতির সেরা সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।