টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: শতাধিক ঘর ভস্মীভূত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেদা ও আলীখালী সংলগ্ন ২৪ ও ২৫ নম্বর ক্যাম্পের মধ্যবর্তী ‘ছনখলা’ এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে রোহিঙ্গাদের ঝুপড়ি ঘরের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর (হোস্ট কমিউনিটি) দুটি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারপাশের ঘনবসতিপূর্ণ ঝুপড়ি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্থানীয় প্রশাসন ও ক্যাম্পের বাসিন্দারা সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।
১৬ এপিবিএন-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সব কটি পক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে অনেক পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।”
২৪ নম্বর ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, ক্যাম্পের এফ ও সিএ ব্লকের অধিকাংশ ঘর পুড়ে গেছে। আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য নিরূপণ করা সম্ভব হবে।
এদিকে সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত স্থানীয় পরিবারগুলোকে প্রাথমিক সহায়তা প্রদান করেন।










