ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত: চকরিয়ায় নিরাপত্তাহীন রেললাইন নিয়ে উদ্বেগ

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জল হোসেন জানান, রাতের দিকে কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই ব্যক্তিকে রেললাইনের উপর বসে থাকতে দেখেছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি দ্রুতগতির ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহের পাশে কোনো পরিচয়পত্র বা ব্যক্তিগত সামগ্রী পাওয়া যায়নি।
পরে রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহজালাল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠান। তিনি জানান, “মরদেহের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।”
স্থানীয়রা জানান, রাতে এ এলাকায় কোনো ট্রেন দাঁড়ায় না। ফলে লাইনের উপর বসে থাকার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কাই মৃত্যুর কারণ হতে পারে।
হারবাং রেললাইন এলাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলেন, অরক্ষিত লেভেল ক্রসিং, সিগন্যালবিহীন পথ ও পর্যাপ্ত আলোর অভাব জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।










