ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক বইয়ে স্বাক্ষর ও বৃক্ষরোপণ

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সফরে এসে চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সাফারি পার্কে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সাফারি পার্কের মূল ফটক প্রাঙ্গণে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করে বলে সংশ্লিষ্টরা জানান।
বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী পার্কের বিভিন্ন স্থাপনা ও পরিবেশ ঘুরে দেখেন। পরে তিনি সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইসঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে ডুলাহাজারা সাফারি পার্ক ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মী, কর্মকর্তা-কর্মচারী এবং দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই প্রধানমন্ত্রীর সফরকে এলাকার পর্যটন ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের জন্য ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, বৃক্ষরোপণ কর্মসূচি, জনসভা ও সুধী সমাবেশসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন। সফরের অংশ হিসেবে ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনও করেন তিনি।












