তারেক রহমানের প্রত্যাবর্তনে টেকনাফ বিএনপির উচ্ছ্বাস, উজ্জীবিত তৃণমূল
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

তারেক রহমানের প্রত্যাবর্তনে টেকনাফ বিএনপির উচ্ছ্বাস, উজ্জীবিত তৃণমূল

তারেক রহমানের প্রত্যাবর্তনে টেকনাফ বিএনপির উচ্ছ্বাস, উজ্জীবিত তৃণমূল
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে সারাদেশের ন্যায় কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফেও দলটির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস তৈরি হয়েছে। দীর্ঘ প্রবাস জীবন শেষে দলের শীর্ষ নেতার এই প্রত্যাবর্তনে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব স্তরে এক নতুন রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টেকনাফ বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন, তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে দলের সাংগঠনিক শক্তি যেমন সুসংহত হবে, তেমনি রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন করে গতি সঞ্চার হবে।

সরেজমিনে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার টেকনাফ সদর, বাহারছড়া, হ্নীলা, সাবরাং ও হোয়াইক্যং ইউনিয়নসহ বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নেতা-কর্মীরা ঢাকায় আয়োজিত বিশাল সমাবেশে যোগ দিতে ইতিপূর্বেই রাজধানী অভিমুখে রওয়ানা দিয়েছেন। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী ইতোমধ্যে সমাবেশস্থলে যোগ দিয়েছেন। অনেক নেতা-কর্মী দুই-এক দিন আগেই ঢাকায় পৌঁছালেও অবশিষ্টরা বুধবার সকাল থেকেই রওয়ানা হতে শুরু করেছেন। প্রিয় নেতার ফেরার আনন্দ উদ্‌যাপন করতে টেকনাফের প্রতিটি ইউনিয়ন ও পাড়া-মহল্লায় আনন্দ মিছিল করছেন নেতা-কর্মীরা।

তৃণমূলের একাধিক নেতা জানান, তারেক রহমান তাদের প্রধান অনুপ্রেরণা এবং তার দেশে ফেরার মধ্য দিয়ে দলের ভেতরকার সাময়িক স্থবিরতা পুরোপুরি কেটে যাবে। স্থানীয় সাধারণ মানুষ ও শ্রমজীবী জনগোষ্ঠীর মতে, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের প্রভাব ফেলবে। এটি একদিকে যেমন নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করবে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও দলের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। নেতা-কর্মীরা মনে করছেন, এই প্রত্যাবর্তন আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টেকনাফ উপজেলা বিএনপির সদস্য বদিউর রহমান জানান, তারেক রহমানের আগমনের খবরে গ্রামের প্রবীণরা যেমন উচ্ছ্বসিত, তেমনি তরুণ প্রজন্মের মধ্যেও ব্যাপক উল্লাস বইছে। বর্তমানে সাধারণ মানুষের মুখে মুখেও প্রিয় নেতার প্রত্যাবর্তনের খবর আলোচিত হচ্ছে।

টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন বলেন, তারেক রহমানের আগমনে আজ পুরো বাংলাদেশ আনন্দিত। বর্তমানে রাজধানী ঢাকামুখী মানুষের জনস্রোত তৈরি হয়েছে। তারেক রহমান কেবল একজন নেতা নন, তিনি বাংলাদেশের কোটি মানুষের আস্থার প্রতীক। দীর্ঘ নির্বাসন শেষে তার এই রাজকীয় প্রত্যাবর্তন হবে স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশের এক নতুন অধ্যায়। তিনি আরও যোগ করেন, নেতার আগমনে দলের সাংগঠনিক ভিত যেমন শক্তিশালী হবে, তেমনি জাতীয় রাজনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।