ত্রয়োদশ জাতীয় সংসদে ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি এ দায়িত্ব পালনে সম্মত আছেন বলেও জানান সভাপতি।
পরে ডেপুটি স্পিকার পদে তার নাম প্রস্তাব করার জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানান সভাপতি। রুহুল কুদ্দুস তালুকদার প্রস্তাবটি উত্থাপন করেন এবং তা সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন।
প্রস্তাবটি সংসদে উত্থাপনের পর কণ্ঠভোটে তা গৃহীত হয় এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।












