থানচিতে আলোচনা সভা ও কেক কাটায় দৈনিক সাঙ্গুর রজত জয়ন্তী উদ্যাপন

বান্দরবানের থানচিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক ‘সাঙ্গু’র ২৫ বছর পূর্তি বা রজত জয়ন্তী উদ্যাপিত হয়েছে। আজ থানচি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এই মাইলফলক উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো এবং সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান উবামং মারমা। এতে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুধী সমাজ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ক্যহ্লাচিং মারমা বলেন, “দীর্ঘ ২৫ বছর ধরে দৈনিক সাঙ্গু সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে সাহসী ভূমিকার মাধ্যমে পাঠকদের আস্থা ধরে রেখেছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা ধারাবাহিকভাবে তুলে ধরায় পত্রিকাটি এই জনপদে অপরিহার্য হয়ে উঠেছে।” তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও পত্রিকাটি বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে এগিয়ে যাবে।
বক্তারা বলেন, একটি সংবাদপত্রের পঁচিশ বছরের নিরবচ্ছিন্ন পথচলা গণমাধ্যমের জন্য গৌরবের। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে রজত জয়ন্তীর কেক কাটা হয়। এ সময় পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।











