থানচিতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ

বান্দরবানের থানচি উপজেলায় কাজুবাদাম চাষিদের আর্থসামাজিক উন্নয়ন এবং বাজার অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে থানচি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে বিএসআরএম-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনকেএস-এর বাস্তবায়নে এ উপবৃত্তি বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রকল্পের উপকারভোগী পরিবারের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চার মাসের উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।
অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানচি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক, থানচি প্রেস ক্লাবের সহসভাপতি রেমবো ত্রিপুরা এবং বিএনকেএস-এর ফোকাল পার্সন ও প্যারামেডিক উবাথোয়াই মারমা প্রমুখ।
আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ৫০০ টাকা, মাধ্যমিক বা স্কুল পর্যায়ে ৮০০ টাকা এবং উচ্চমাধ্যমিক বা কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ১ হাজার টাকা করে উপবৃত্তি দেওয়া হচ্ছে। এ কার্যক্রমের আওতায় থানচি উপজেলার মোট ৪৪ জন শিক্ষার্থীকে চার মাসের উপবৃত্তির অর্থ এককালীন প্রদান করা হয়।
উপবৃত্তি পেয়ে শিক্ষার্থীরা জানায়, পড়াশোনার খরচ মেটাতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের মতে, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখা এবং ঝরে পড়ার ঝুঁকি কমাতে এ ধরনের সহায়তা কার্যক্রম অত্যন্ত সহায়ক।
তারা আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থী অর্থাভাবে শিক্ষা উপকরণ, যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খায়। এসব পরিবারের শিক্ষার্থীদের জন্য নিয়মিত উপবৃত্তি চালু থাকলে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।
কাজুবাদাম চাষিদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি তাদের পরিবারের সন্তানদের শিক্ষায় সহায়তার এই উদ্যোগ প্রকল্পের সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।











