থানচিতে নানা আয়োজনে ৩৮ বিজিবি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

পার্বত্য জেলা বান্দরবানের থানচিতে নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) তাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী বিজিবি ব্যাটালিয়ন সদরে মিলাদ মাহফিল, বিশেষ দরবার, প্রীতিভোজ ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
১৯৯২ সালের ১৫ জানুয়ারি ঢাকা সেক্টরের অধীনে প্রতিষ্ঠার পর থেকে এই ব্যাটালিয়ন দেশের বিভিন্ন সীমান্তে দায়িত্ব পালন করেছে। বর্তমানে ২০১৮ সাল থেকে বলিপাড়া ব্যাটালিয়নটি দুর্গম পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে। বিশেষ করে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যাটালিয়নটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল। তিনি ব্যাটালিয়নের সকল স্তরের সদস্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।
কর্মসূচির শুরুতে বাদ ফজর মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর অধিনায়ক কর্তৃক আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন এবং বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। বিকেলে ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে বিজিবি সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হয়।
অনুষ্ঠানে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়কসহ সামরিক ও বেসামরিক আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দুর্গম পাহাড়ে সম্প্রীতি রক্ষা ও স্থানীয় পাহাড়ী-বাঙালি জনগোষ্ঠীর উন্নয়ন প্রচেষ্টায় বলিপাড়া ব্যাটালিয়নের গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা।











