থানচিতে বিজিবির প্রস্তুতি: কাল থেকে মাঠে নামছে ৯ প্লাটুন সদস্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের থানচি ও সদর উপজেলায় ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন এ তথ্য জানান।
অধিনায়ক জানান, ভোটাররা যাতে ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে বিজিবি পূর্ণমাত্রায় মাঠে থাকবে। বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন জওয়ানেরা। ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং র্যাপিড অ্যাকশন টিম (RAT) সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মেজর মো. জাকির হোসেন, মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া প্রমুখ। বিজিবি অধিনায়ক একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের লক্ষ্যে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করেন।











