থানচিতে মিয়ানমারে পাচারকালে মশারী ও প্রপেলার জব্দ, আটক ৫

বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৫০০ পিস মশারী এবং ১০৮টি নৌকার প্রপেলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্র জানায়, গত ২৪ ডিসেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, থানচি বাজারের বিপরীত পাশে জিনিঅং পাড়া এলাকা থেকে একটি ট্রাকযোগে আসা বিপুল পরিমাণ পণ্য দুটি নৌকায় করে মিয়ানমারে পাচারের প্রস্তুতি চলছে। এই তথ্যের ভিত্তিতে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ন তাদের আওতাধীন নৌ চেকপোস্টগুলোতে নজরদারি জোরদার করে।
পরবর্তীতে আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে টেন্ডমুখ নৌ চেকপোস্টে সন্দেহভাজন নৌকা দুটি থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এ সময় ১৯টি বস্তায় ১ হাজার ৫০০ পিস মশারী এবং ১টি বস্তায় ১০৮টি নৌকার প্রপেলার পাওয়া যায়। চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, এসব মালামাল অবৈধভাবে সীমান্ত পার করে মিয়ানমারে নিয়ে যাওয়া হচ্ছিল।
বলিপাড়া জোন (৩৮ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, “সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষা আমাদের নিয়মিত অভিযানের অংশ। জব্দকৃত মালামালসহ ৫ আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।”











