দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে লোহাগাড়ায় গ্রামে গ্রামে শাহজাহান চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহাজাহান চৌধুরী ভোটারদের কাছে পৌঁছাতে বাড়ি বাড়ি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের প্রতিটি গ্রামে তিনি ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ভোটারদের খোঁজখবর নেন, এবং তাদের সমস্যার কথা শোনেন এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন।
গণসংযোগকালে শাহাজাহান চৌধুরী বলেন, দেশের মানুষ আজ সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করে। দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সাতকানিয়া ও লোহাগাড়ার সার্বিক উন্নয়নের মাধ্যমে সিঙ্গাপুরের মতো সাজানো হবে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি, যুবসমাজকে নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে। গণসংযোগকালে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ভোটাররা সঠিক সিদ্ধান্ত নিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন। তিনি একটি শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
গণসংযোগে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি লুৎফর রহমান, পুটিবিলা ইউনিয়ন জামায়াতের আমির মো. নাজিম উদ্দিন, জন্মষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ লোহাগাড়া উপজেলার সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দাশ, অ্যাডভোকেট মোজাফফর আহমদসহ জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











