দেশ গঠনে স্কাউটিংয়ের বিকল্প নেই: কাপ্তাইয়ে ব্যাজ কোর্স সম্পন্ন

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাইয়ে তিন দিনব্যাপী স্কাউট ব্যাজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের অর্থায়নে এবং উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।
গত ১১ জানুয়ারি শুরু হওয়া এই কোর্সে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। এতে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে স্কাউটিংয়ের বিভিন্ন কলাকৌশল হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “স্কাউটিং হলো চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের একটি কার্যকর মাধ্যম। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে আরও সমৃদ্ধ হবে—যা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোর্স লিডার মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাহবুব হাসান বলেন, “স্কাউট ব্যাজ কোর্সের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের বাস্তব জীবনমুখী দক্ষতা অর্জনে সহায়তা করা। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান তারা সমাজ উন্নয়নে কাজে লাগাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা ও সফলভাবে কোর্স সম্পন্ন করায় সংশ্লিষ্ট প্রশিক্ষক ও আয়োজকদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন অতিথিরা।











