নাইক্ষ্যংছড়ি মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারের যোগদানের অনুমোদন

দীর্ঘ ১৩ বছর পর বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ নুরুজ্জামান পুনরায় মাদ্রাসায় যোগদান করেছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে পূর্ণাঙ্গ সুপার হিসেবে স্বপদে যোগদানের অনুমতি পান তিনি। অনুমোদন পাওয়ার পরই সকালে মাদ্রাসায় গিয়ে ভারপ্রাপ্ত সুপার আব্দুল খালেকের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে দাপ্তরিক কাজ শুরু করেন।
পার্বত্য চট্টগ্রামের প্রথম এমপিওভুক্ত এ মাদ্রাসাটি থেকে দাখিল পাস করা প্রাক্তন ছাত্র মোহাম্মদ নুরুজ্জামান ১৯৯৯ সালে সুপার পদে যোগদান করেন। তাঁর মেয়াদে প্রতিষ্ঠানটি বেশ কয়েকবার জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। ২০১৩ সালে বিভিন্ন সাজানো অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করে মাদ্রাসা কর্তৃপক্ষ।
সর্বশেষ ২৪ জুন ২০২৬ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বরখাস্তের আবেদন খারিজ করা হয়। পরবর্তীতে উচ্চ আদালত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার, নাইক্ষ্যংছড়ি বরখাস্তকৃত সুপারকে এক মাসের মধ্যে যোগদান করানোর নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে তাঁর যোগদানের আবেদন অনুমোদন করা হয়।
সুপার মাদ্রাসায় যোগদানের পর প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ সর্বমহলে আনন্দের জোয়ার বইছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মাওলানা নুরুজ্জামানের যোগদানের খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী কবির আহমদ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "আলহামদুলিল্লাহ, ছবরে মেওয়া ফলে এবং সত্যের জয় একদিন না একদিন অনিবার্য—এটা তারই দৃষ্টান্ত। যারা এই দীর্ঘ যাত্রায় পাশে ছিলেন, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ এটা শুধু একজন ব্যক্তির বিজয় নয়, বরং ষড়যন্ত্রকারীদের অন্ধকার ও ধোঁয়াচ্ছন্ন পরিবেশ থেকে একটি প্রতিষ্ঠানকে আলোর পথে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ।"











