নাইক্ষ্যংছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ল বসতবাড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাত ৩টার দিকে ইউনিয়নের মধ্যম বাইশারী গ্রামে কবির উদ্দিন আহমদ নামে এক ব্যক্তির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, গভীর রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়ির কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কবির উদ্দিন আহমদ জানান, আগুনে ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, “অগ্নিকাণ্ডে একটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছি এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।”











