নাইক্ষ্যংছড়িতে অবৈধ কাঠসহ পিকআপ জব্দ করল বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ একটি পিকআপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে সোনাইছড়ি বদ্ধছড়া নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মংজয়পাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযানটি চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি পিকআপ (ডাম্পার) থেকে গামরি, আকাশমণি, সেগুন ও ডেউয়াসহ বিভিন্ন প্রজাতির ৫২ দশমিক ৭৫ কিউবিক ফুট (সিএফটি) অবৈধ কাঠ জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অধিনায়ক আরও বলেন, "বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও বনজ সম্পদ রক্ষায়ও কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
বিজিবি সূত্র জানায়, জব্দ করা কাঠ ও পিকআপটি নাইক্ষ্যংছড়ি রেঞ্জের লামা বনবিভাগের রেজু বিট অফিসে জমা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই সীমান্ত এলাকায় চোরাচালান দমনে ৩৪ বিজিবি ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে।












