নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা সভা: বাইশারী দিয়ে সার পাচার রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সাধারণ সভা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
উক্ত সভায় নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা, ১১ বিজিবির সহকারী পরিচালক মোঃ আল আমিন এবং ৩৪ বিজিবির চাকঢালা বিওপির প্রতিনিধি হাবিলদার সোলাইমান উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবু তালেব, মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঈনুর ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল-কলেজের শিক্ষক, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রের সুযোগ-সুবিধা পর্যালোচনা করা হয়। সভায় পুলিশ ও বিজিবির পক্ষ থেকে বিভিন্ন অভিযানে মালামাল উদ্ধার, আটক ও সিজার লিস্টের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। এসময় স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে বাইশারী রুট ব্যবহার করে অবৈধভাবে সার পাচারের বিষয়টি উত্থাপন করা হলে পাচার রোধে বিজিবি ও পুলিশকে নিয়মিত অভিযান পরিচালনা ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য গুরুত্বারোপ করা হয়।
একই দিনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশের অভ্যন্তরে ও বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের বিষয়ে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কর্মকর্তা মোঃ মইনুর ইসলাম মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন ও ভোট প্রদানের পদ্ধতিগত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।











