নাইক্ষ্যংছড়িতে গরুসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্য আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি পিকআপ ভ্যানভর্তি চোরাই গরুসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৩ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকার শাহ কামাল (২৭), কুমিল্লার হাজীগঞ্জের মো. জোবাইর (৩০) এবং কক্সবাজারের মহেশখালীর নাজমুল হাসান ওরফে মো. হাসান (২৫)।
পুলিশ জানায়, আজুখাইয়া সড়কে নিয়মিত চেকপোস্ট চলাকালীন একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে একটি চোরাই গরু উদ্ধারসহ পাচারে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা হয়েছে গরু পাচারে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, "আটককৃতরা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা পিকআপ ভ্যানে করে চোরাই গরু পাচারের চেষ্টা করছিল। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং সংশ্লিষ্ট চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।"
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।











