নাইক্ষ্যংছড়িতে জুতার চালানসহ ২ চোরাকারবারি আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বড় এক জুতার চালানসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে ১১৫ জোড়া বিদেশি জুতা ও একটি ইজিবাইকসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— নাইক্ষ্যংছড়ি উপজেলার উখিয়ার ঘাট এলাকার মৃত মাহবুব আলীর ছেলে মো. জসিম উদ্দিন (৩০) এবং ঘুমধুম কুলালপাড়া এলাকার মো. সুলতানের ছেলে মো. খায়রুল আমিন (২৫)।
বিজিবি সূত্র জানায়, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ তুমব্রু সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি বিশেষ টহল দল গোপন সংবাদ পায় যে, সীমান্ত দিয়ে মালামাল পাচার হচ্ছে। এর প্রেক্ষিতে সীমান্ত পিলার-৩৩ থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ‘টিভি টাওয়ার’ নামক স্থানে ওত পেতে থাকে বিজিবি। রাত সাড়ে ৮টার দিকে একটি ইজিবাইক (টমটম) তল্লাশি করে ১১৫ জোড়া বিদেশি ‘এক্রুসফট’ জুতা উদ্ধার করা হয়। এ সময় পাচারে জড়িত থাকার দায়ে ওই দুই ব্যক্তিকে আটক করে বিজিবি সদস্যরা।
অভিযানের বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই সীমাবদ্ধ নয়; মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
উদ্ধারকৃত মালামালসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও বিজিবি নিশ্চিত করেছে।











