নাইক্ষ্যংছড়িতে দুই মাদরাসাছাত্রীকে অপহরণের পর রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের একটি মহিলা মাদরাসার দুই ছাত্রীকে অপহরণের পর রাতভর ধর্ষণের অভিযোগে মো. আয়াতুল্লাহ (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাতে ওই ছাত্রীদের কক্সবাজারের একটি হোটেলে নিয়ে এই অপরাধ সংঘটিত করা হয়।
গ্রেপ্তার আয়াতুল্লাহ পার্শ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীর কাটা এলাকার হাজি ফেরদৌসের ছেলে। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই দুই ছাত্রী (১৩ ও ৯ বছর বয়সী) মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আয়াতুল্লাহ তাঁদের মোটরসাইকেলে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। পরে তাঁদের কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ ও নির্যাতন চালান। মঙ্গলবার বিকেলে অভিযুক্ত ব্যক্তি শিশুদের নাইক্ষ্যংছড়িতে এনে একটি টমটমে তুলে দিয়ে পাঠিয়ে দেন। বাড়ি পৌঁছে শিশুরা কান্নাকাটি করে পরিবারের কাছে ঘটনার বিবরণ দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের মা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত আয়াতুল্লাহকে গ্রেপ্তার করে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাঁকে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তাঁদের প্রয়োজনীয় আইনগত ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হচ্ছে।











