নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দুটি বন্দুক ও কার্তুজ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের মধ্যম বাইশারী এলাকায় এই অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে বাইশারী বাজার ও আশপাশের এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম বাইশারী এলাকার চিহ্নিত ডাকাত মো. হোছনের বসতবাড়ির সামনের ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি পাওয়া যায়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম বলেন, "স্থানীয়দের উপস্থিতিতে আমরা দুটি একনলা বন্দুক ও একটি ৭.৬২ এমএম কার্তুজ উদ্ধার করেছি। অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এই অস্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।"
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে সংশ্লিষ্ট আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











