নাইক্ষ্যংছড়িতে বিজিবির তিন অভিযান: লাখো ইয়াবাসহ আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ও রেজুখাল চেকপোস্টে পৃথক তিনটি অভিযান চালিয়ে এক লাখ নয় হাজার ৩০০ পিস বার্মিজ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ জানুয়ারি) দিনভর বিজিবির ডগ স্কোয়াড ও নিয়মিত টহল দলের তল্লাশিতে এসব মাদক ও পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, প্রথম অভিযানে সকাল ১০টা ২০ মিনিটে রেজুখাল চেকপোস্টে ডগ স্কোয়াডের ‘হিরো’র সহায়তায় একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় গাড়ির অতিরিক্ত চাকার ভেতর থেকে ৭৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ টেকনাফের আব্দুল হককে (৪৬) আটক করা হয়। দ্বিতীয় অভিযানে দুপুর পৌনে ১টার দিকে একই চেকপোস্টে মিলন মাহমুদ সজিব (২৭) নামের এক যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হয়। পরে তার পাকস্থলী থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক সজিব নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাসিন্দা।
তৃতীয় অভিযানটি পরিচালিত হয় ঘুমধুম সীমান্তের মংজয়পাড়া বিওপি এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে জামিরতলি নামক স্থানে একটি পাহাড়ি বাড়িতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ও পাঁচ লিটার দেশি মদ জব্দ করে বিজিবির বিশেষ টহল দল।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। আটক পাচারকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”











