নাইক্ষ্যংছড়িতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, পোল্ট্রি শিল্পে স্বনির্ভরতার ওপর জোর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আজ রোববার (১১ জানুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আঞ্চলিক কেন্দ্রে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। এসময় তিনি পোল্ট্রি খাতের পাঁচটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
উপদেষ্টা ফরিদা আখতার তাঁর বক্তব্যে বলেন, "দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে পোল্ট্রি খাত একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র। আধুনিক প্রযুক্তি ও নিরাপদ উৎপাদন ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ এই শিল্পে স্বনির্ভরতা অর্জন করে আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিতে পারবে।" তিনি আরও উল্লেখ করেন যে, সরকার এই খাতের টেকসই উন্নয়নে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।
বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রে গত ৯ জানুয়ারি শুরু হওয়া এই তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় খামারিদের স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পোল্ট্রি উৎপাদন এবং কার্যকর বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিএলআরআই-এর পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে এই কর্মশালাটি পরিচালিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের পরিচালক ড. মো. সাইফুল করিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. শাকিলা ফারজানা। তিনি বায়োসিকিউরিটি অনুসরণ করে মানসম্মত পোল্ট্রি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।











