নাইক্ষ্যংছড়িতে সীমান্ত পেরিয়ে আসা গুলিতে বসতবাড়ির চালা ফুটো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে একটি বসতবাড়ির টিনের চালা ও সিলিং ফুটো হয়ে গেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ঘরটি স্থানীয় বাসিন্দা মাওলানা নুরুল আমিন ফারুকীর। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা একটি গুলি ওই বাড়ির চাল ভেদ করে সিলিং ফুটো করে শোয়ার ঘরের বিছানার মশারির ওপর পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মাওলানা নুরুল আমিন ফারুকী বলেন, "গুলিটি দক্ষিণ দিক থেকে অর্থাৎ মিয়ানমারের দিক থেকে এসেছে। এটি ঘরের চালা ও সিলিং ফুটো করে আমার শয়নকক্ষে মশারির ওপর পড়ে। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ ক্যাম্পের সদস্যরা এসে গুলিটি নিয়ে গেছেন।"
স্থানীয়দের দাবি, সীমান্তে ওপারে মিয়ানমারের তুমব্রু লেফট ডেকুবনিয়া টাউনশিপ এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে। সেখান থেকেই লক্ষ্যভ্রষ্ট হয়ে এই গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে বলে তাদের ধারণা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা বলেন, “উদ্ধার হওয়া বস্তুটি একটি রাইফেলের গুলির অংশবিশেষ। এটি বর্তমানে পুলিশ হেফাজতে সংরক্ষিত আছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা গেছে এবং সেখান থেকেই এটি আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”











