নাইক্ষ্যংছড়িতে ১১ দলীয় জোটের গণমিছিল ও পথসভা

বান্দরবান-৩০০ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দীনের সমর্থনে শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা চত্বরে বিশাল গণমিছিল ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জোট নেতারা বেকারদের ভাতার পরিবর্তে স্থায়ী কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর বান্দরবান গড়ার অঙ্গীকার করেন।
বিকেলে উপজেলা চত্বর থেকে শুরু হওয়া গণমিছিলটি নাইক্ষ্যংছড়ি থানার মোড় ও পেট্রোল পাম্প সড়কসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আব্দুস সালাম আযাদ। তিনি বলেন, “জনগণের রায়ে নির্বাচিত হলে দুর্নীতি ও জুলুম মুক্ত রাষ্ট্র গঠন করা হবে। সাধারণ শ্রমজীবী মানুষের অধিকার এবং বেকারদের কর্মসংস্থানের দায়িত্ব নেবে আমাদের সরকার।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দীন তাঁর বক্তব্যে বান্দরবানের প্রাণ-প্রকৃতি ও বৈচিত্র্য রক্ষা করে ক্ষুদ্র শিল্পের বিকাশের প্রতিশ্রুতি দেন। বেকার ভাতা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “ভাতা দিলে কর্মস্পৃহা নষ্ট হয় এবং বেকারত্ব বাড়ে। আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে বেকার ভাতা নয়, বরং প্রতিটি বেকারের জন্য কাজের সুযোগ তৈরি করব।”
পথসভায় ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে রিকশা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীসহ জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











