নাইক্ষ্যংছড়িতে ৮ হাজার ইয়াবাসহ কারবারি আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ থোয়াইহ্লা মার্মা (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের ক্যাকরোপ জুমখোলা এলাকায় এই অভিযান চালানো হয়।
আটক থোয়াইহ্লা মার্মা স্থানীয় চাহ্লা মার্মার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাকরোপ জুমখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় থোয়াইহ্লা মার্মাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার সহযোগী অন্য এক কারবারি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। পরে আটক ব্যক্তির হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম পথ ব্যবহার করে মাদক পাচারের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইছড়ি ইউনিয়নটি দীর্ঘদিন ধরে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাদক কারবারে জড়িয়ে এলাকার এক শ্রেণির যুবক অস্বাভাবিক বিত্ত-বৈভবের মালিক বনে গেছেন। জেল থেকে জামিনে ফিরে পুনরায় এই চক্রটি সক্রিয় হয়ে ওঠায় স্থানীয়রা আশারতলী, চাকঢালা, জামছড়ি ও ফুলতলীসহ অন্যান্য সীমান্তবর্তী পয়েন্টে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।











