নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অবৈধভাবে গড়ে ওঠা দুই ইটভাটায় প্রশাসনের অভিযান

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটায় মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করেছে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়। সোমবার (২৫ নভেম্বর ২০২৫) এই যৌথ অভিযানে হেলাল উদ্দিন মেম্বারের পরিচালিত বিএইচবি ব্রিকস্ এবং জয়নুল আবেদিনের জেএসবি ব্রিকস্—এই দুইটি ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। সূত্রমতে জানা যায়, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং–১২০৪/২০২২–এর আদেশ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুসারে অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো আইন লঙ্ঘন করে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিল। এ কারণে মোবাইল কোর্টের নির্দেশনায় এক্সকাভেটর মেশিন দিয়ে দুইটি ভাটার কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন এবং ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











