নাইক্ষ্যংছড়ির চাকঢালা বাজার এলাকা থেকে ইয়াবা ও সিএনজিসহ আটক ২

সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
বুধবার (২৯ জুলাই) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর চাকঢালা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি জানান, সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকঢালা বাজার এলাকায় অভিযান চালিয়ে চাকঢালা থেকে নাইক্ষ্যংছড়িগামী একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— রামু উপজেলার মো. নুরুল হাশেম (৩৫), পিতা: মৃত মালেকুজ্জামান, গ্রাম: উত্তর পতেকারকুল এবং মো. হাসান আলী (২০), পিতা: আবু বক্কর, গ্রাম: তেচ্ছি ফুল।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত মালামাল এবং আটক দুই ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”











