নাইক্ষ্যংছড়ি থেকে অস্ত্র-গুলি, পার্শ্ববর্তী এলাকা থেকে ১৪ হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ, আটক ১

নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন এলাকায় পৃথক অভিযানে ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা, একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি এবং মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজিসহ মোহাম্মদ নূর (২৬) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে ও সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) পরিচালনা করে এসব উদ্ধার ও আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় রেজুপাড়া বিওপির একটি আভিযানিক টহলদল সীমান্ত পিলার-৪১ থেকে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাতাবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন সকাল সাড়ে ৭টার দিকে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল 'বিজিডি-১০৮৫ ডগ জর্জ'-এর বিশেষ দক্ষতায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে। তল্লাশির সময় সিএনজির বাক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিচালক মোহাম্মদ নূরকে আটক করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গ্রামের কালা চাঁনের ছেলে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) বলেন, "বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। আটক ব্যক্তি এবং উদ্ধার করা ইয়াবা, সিএনজিসহ অন্যান্য মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কার্যকর ভূমিকা রাখছে।










