নাইক্ষ্যংছড়ি সীমান্তে অস্ত্র-গুলিসহ মিয়ানমারের নাগরিক ও বাংলাদেশি আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গাছবুনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক মিয়ানমার নাগরিক ও এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন— নাইক্ষ্যংছড়ির মংজয়পাড়ার বাসিন্দা সুইজানুর ছেলে উমং (২৫) এবং মিয়ানমারের মংডু জেলার উইলাতং গ্রামের মংচাকনুর ছেলে পানুয়া (১৮)। অভিযানে তাদের কাছ থেকে দুইটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি রামদা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমারের অপরাধী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে ইয়াবা পাচার করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মংজয়পাড়া বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহলদল গাছবুনিয়া সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। দুপুর আনুমানিক দেড়টার দিকে ৭-৮ জনের একটি সশস্ত্র দল বিজিবির উপস্থিতি টের পেয়ে হামলার চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা গহীন জঙ্গলে পালিয়ে যায়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানিয়েছে, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের উদ্দেশ্যে সীমান্তে অবস্থানের কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।











