নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের সময় শীতের কম্বলসহ পিকআপ ভ্যান জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) এক বিশেষ অভিযানে ১৭০ পিস শীতের কম্বলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার-৪৪ থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৬ কিলোমিটার ভেতরে মৌলভীকাটা পাকা সড়কে অভিযান চালিয়ে কম্বলবোঝাই গাড়িটি আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি কেবল সীমান্ত পাহারায় সীমাবদ্ধ নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, জব্দকৃত কম্বল ও পিকআপ ভ্যানটির বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ৩৪ বিজিবি দীর্ঘ সময় ধরে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিজিবির এই ধারাবাহিক তৎপরতার ফলে সীমান্ত এলাকায় অপরাধের হার হ্রাস পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।











