নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেনের মৃত্যু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর সদস্য নায়েক মো. আক্তার হোসেন মারা গেছেন। শুক্রবার, ৩১ অক্টোবর সকাল ১২টা ১৫ মিনিটের সময় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ১২ অক্টোবর কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুআমতলী বিওপি-তে অস্থায়ী দায়িত্ব পালনকালে পেয়ারাবুনিয়া এলাকায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।
আহত হওয়ার পর প্রথমে তাঁকে রামু সেনানিবাসের সিএমএইচ-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ১৩ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য বিজিবি হেলিকপ্টারযোগে তাঁকে ঢাকা সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসা চলাকালীন শুক্রবার (৩১ অক্টোবর) তাঁর হৃদরোগ হয়। ব্রিগেডিয়ার জেনারেল সাদাত বিন সিরাজ (ইনটেনসিভিস্ট বিশেষজ্ঞ)-এর তত্ত্বাবধানে ৪৫ মিনিট ধরে সিপিআর (CPR) দেওয়া হলেও হৃদযন্ত্র পুনরায় কাজ না করায় দুপুর ১২টা ১৫ মিনিটের সময় তাঁকে মৃত ঘোষণা করা হয়।
দেশের সীমান্ত রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে শহীদের মর্যাদা অর্জনকারী এই সাহসী বিজিবি সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।











