নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার নাগরিকসহ দুই চোরাকারবারি আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে এক মিয়ানমার নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত এলাকা থেকে পণ্যবাহী সিএনজিসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মিয়ানমারের মংডু জেলার ডাইক গ্রামের এইয়ে জান তনের ছেলে নেয় জু (৩৮) এবং স্থানীয় বাইশফাঁড়ি গ্রামের কালাইয়া তংচংগ্যার ছেলে (পরিচয় যাচাইাধীন)।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ি সীমান্ত পিলারের ৩৭ নম্বর সংলগ্ন এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। এসময় একটি সিএনজি তল্লাশি করে অবৈধভাবে সীমান্ত পার করা বিভিন্ন প্রকার বাংলাদেশি পণ্যসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, "আটককৃতদের সিএনজি ও চোরাচালানি মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় সোপর্দ করা হয়েছে।" তিনি আরও উল্লেখ করেন যে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











