নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১১ ব্যাটালিয়নের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার (১৮ ডিসেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠান ও প্রীতিভোজের মধ্য দিয়ে পালিত হয়েছে।
দুপুরে ব্যাটালিয়নের সদর দপ্তরে কেক কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমদ, পিবিজিএম। ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম এস কফিল উদ্দিন কায়েস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক, রামুর ৩০ বিজিবির অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক, সহকারী পরিচালক আল আমিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাতেন মৃধাসহ সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
অনুষ্ঠানে রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন বলেন, কঠিন মনোবল আর ধৈর্য নিয়ে সীমান্তের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় ১১ বিজিবি অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে আসছে। চোরাচালান, মাদকদ্রব্য, অস্ত্র পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে কাজ করে যাবে বিজিবি। তিনি বক্তব্য প্রদানকালে ব্যাটালিয়নের প্রয়াত শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফসহ বিভিন্ন পদের ৭৯ জন সৈনিকের আত্মত্যাগের কথা স্মরণ করে দোয়া প্রার্থনা করেন।











