নাইক্ষ্যংছড়িতে ৫৪ তম সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে দশটার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা সমবায় অফিসের নেতৃত্বে র্যালিটি উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।
পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা মিলনায়তন কক্ষে সমবায় কর্মকর্তা ক্যবেহ্রী মার্মার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহবুব ইলাহি, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার কুদরতই রাব্বি, নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার মনসুর আলম মানিকসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।
সভায় বক্তারা সমবায় সমিতির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বিভিন্ন সমবায় সমিতির পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া সমবায় অধিদপ্তর থেকে সমবায় সমিতিকে আরও প্রসারিত করে দেশের আর্থিক উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীকে ক্রেস্ট প্রদান করা হয়।











