নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে বিজিবি, বিপুল মালামাল আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযানে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ বাংলাদেশী মালামাল আটক করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ-এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দূর্গম পাহাড়ি এলাকায় দায়িত্ব পালন করছে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমণ্ডল (ক্ষেত্রে) ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘন্টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপি, ভালুখাইয়া বিওপি এবং ব্যাটালিয়ন সদরের টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বার্মিজ গরু ও বাংলাদেশী বিভিন্ন প্রকার মালামালের কয়েকটি বস্তা রেখে পালিয়ে যায়। বর্ণিত স্থানসমূহ হতে বিজিবি কর্তৃক বার্মিজ গরু-০৪ টি, বাংলাদেশী টেস্টিং সল্ট, চিপস্, মশার কয়েল, স্প্রে মেশিনের যন্ত্রাংশ ও বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স যন্ত্রাংশ সহ বিভিন্ন রকমের বাংলাদেশি মালামাল জব্দ করা হয়। যার বাজার মূল্য-১২,৬২,৪০০/- (বার লক্ষ বাষট্টি হাজার চারশত) টাকা।











