নির্বাচন ও গণভোট: ৩২৫ কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগের নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটকে সামনে রেখে সারা দেশের ৩২৫টি ভোটকেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত 'জুলাই সনদ' বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চূড়ান্ত করা সারা দেশের ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখনও বিদ্যুৎ সংযোগ নেই। নির্বাচনের দিন নিরবচ্ছিন্ন ভোট গ্রহণ এবং কারিগরি কার্যক্রম সচল রাখতে এসব কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া অপরিহার্য।
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং রাত্রীকালীন নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা নির্বাচন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসি সচিবালয় থেকে বিদ্যুৎ বিভাগকে সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করে এই সংযোগ প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।
তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার পর আজ ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই প্রক্রিয়া চলছে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর শুরু হবে মূল প্রচারণা। ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।












