নির্বাচিত হলে পাঁচ বছর জনগণের সেবায় থাকব: সাচিং প্রু জেরী

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিলে পরবর্তী পাঁচ বছর জনগণের পাশে থেকে সেবা করার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বান্দরবানের লামা পৌর এলাকা ও রূপসীপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
টানা সফরের অংশ হিসেবে দ্বিতীয় দিনেও কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে নির্বাচনী প্রচারণা চালান সাচিং প্রু জেরী। এদিন তিনি লামার বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ শেষে পৃথক আটটি পথসভায় বক্তব্য রাখেন। দুপুর ১২টায় রূপসীপাড়া বাজারে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
সাচিং প্রু জেরী বলেন, “বিগত দিনে যোগ্য নেতৃত্বের অভাবে বান্দরবানের উন্নয়ন থমকে আছে। আমরা ক্ষমতায় গেলে পরিকল্পিত কৃষি প্রকল্প বাস্তবায়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিত এবং বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার দেব।” তিনি আরও যোগ করেন, তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
প্রচারণাকালে দুর্গম পাহাড়ি জনপদগুলোতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে মার্মা, ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠীর পাশাপাশি বিপুল সংখ্যক বাঙালি নারী-পুরুষের অংশগ্রহণ এই প্রচারণাকে ভিন্ন মাত্রা দেয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












