নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আবেদন পুলিশের
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আবেদন পুলিশের

নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আবেদন পুলিশের
ছবি সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যার ঘটনায় করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছেন, তদন্তের স্বার্থে পরে তার রিমান্ড চাওয়া হতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মোড়ল। এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার দিনগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন বলে দাবি তদন্ত-সংশ্লিষ্টদের। এসব তথ্য যাচাই করা হচ্ছে।

পুলিশের আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা এবং সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে।

এছাড়া অপরাধ সংঘটনে তিনি নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করেছিলেন—এমন তথ্য-প্রমাণ পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে আবেদনে। তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার লক্ষ্যে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাদরাসাছাত্র সাদিকুল। ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করেন এবং মারধর ও গুলি চালান। এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।




যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল

মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করেছিলেন জিয়াউল

মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করেছিলেন জিয়াউল
ছবি সংগৃহীত।

দেশের মানুষের জীবন-মৃত্যুকে খেলার মতো নিয়েছিলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। রাষ্ট্রের দেওয়া ক্ষমতা ও অস্ত্র ব্যবহার করে নিজ দেশের মানুষকে হত্যা করেছেন তিনি। শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্কের সমাপনী বক্তব্যে এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক শুরু হয়। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক হচ্ছে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গুম-খুনের ঘটনাগুলোর বর্ণনা দিতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এসব গুম-খুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত হানেনি, আঘাত হেনেছে মানুষের জীবনের ওপর। এসব ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

তিনি বলেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন জিয়াউল আহসান। তাই এই বিচার শুধু বাংলাদেশের নয়, সমগ্র মানবতার পক্ষে জবাবদিহির দাবি।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই বিচার নিহত মানুষকে ফিরিয়ে আনতে পারবে না। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাজারো বেদনাও ঘুচবে না। এরপরও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই বিচারের প্রয়োজন রয়েছে।

রুহুল কুদ্দুস কাজল বলেন, মানুষের জীবন-মৃত্যুকে জিয়াউল আহসান এমনভাবে নিয়েছেন, যেন এটি খেলার বিষয়। অথচ রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কারও জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। অতএব ন্যায়বিচারের মধ্য দিয়ে জিয়াউল আহসানের মতো অপরাধীদের জন্য একটি শক্ত বার্তা যাবে।

ট্রাইব্যুনালে উপস্থিত রয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরাও রয়েছেন।




হাইকোর্টের আদেশ স্থগিত

সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
ছবি সংগৃহীত।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন,অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।

এর আগে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ১৭ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করেন হাইকোর্ট।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

একইসঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাড়ে ৩ লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন, যাদের ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। এই সাড়ে ৩ লাখ পরীক্ষার্থীর সম্পূরক ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। হাইকোর্ট ওই সাড়ে তিন লাখ শিক্ষার্থীর কথা বিবেচনা করে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছেন প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী, যার ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভা করেছে ইউজিসি। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। একইসঙ্গে ১ জানুয়ারির পর ভর্তির আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়। ইউজিসির ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচিতেই পরীক্ষার কথা জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল।




দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম

দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম
ছবি সংগৃহীত।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত এগিয়ে চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে কখনো হয়নি, তাই তদন্ত শেষ হতে কিছুদিন সময় লাগবে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারা দেশে চলমান সহিংসতা ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার তদন্তের অগ্রগতি নিয়ে গাজী তামিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই তদন্ত দেশব্যাপী হবে। এ জন্য তদন্ত শেষ হতে কিছুদিন সময় লাগতে পারে।

প্রসিকিউটর তামিম বলেন, ‘এরই মধ্যে ট্রাইব্যুনালের একটি রায় দেখা গেছে। সেখানে আওয়ামী লীগের কয়েকজনের বিচারের জন্য একটি চার্জ ফ্রেম করা হয়েছিল। ওই চার্জে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, তা বিচার করা হয়। ওই আসামিদের দোষী সাব্যস্ত করেছেন ট্রাইব্যুনাল। চার্জ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তিও দিয়েছেন। ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন বলে আমরা মনে করি। অতএব দেশব্যাপী বর্তমানে যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলন ওই রায়ে হয়েছে।’

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা ওই রায়ের আলোকে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি চার্জ ফ্রেম করা হয়েছিল। সেই চার্জ প্রমাণিত হয়েছে এবং এ মামলায় তারা সাজা পেয়েছেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের সময়সীমা কত দিন হতে পারে জানতে চাইলে গাজী তামিম বলেন, তদন্তের সময় সম্পর্কে এখনই বলা কঠিন, আপাতত তা বলা যাচ্ছে না।