পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হলেন বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন যাবত কাজ করা সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এর কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধ নিরসনের জন্য চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির-কে দায়িত্ব প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া। এর আগে গত ২১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে (ইং) তারিখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মুজিবর রহমানকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কার করেন ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া। স্বাক্ষরিত চিঠিতে তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনিরুজ্জামান দায়িত্ব পালন করবেন এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য সকল পদ-পদবি বহাল থাকবে। তিনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি ও অঙ্গ সংগঠন এর সকল সদস্যবৃন্দকে একনিষ্ঠভাবে নিপীড়িত নির্যাতিত অধিকারহারা পার্বত্যবাসীর সাংবিধানিক অধিকার আদায়ের কাজ করার আহ্বান জানিয়েছেন। পিসিএনপি-এর মহাসচিব আলমগীর কবির বলেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির পার্বত্য চট্টগ্রামের একজন জনপ্রিয় ব্যক্তি। তিনি সুদীর্ঘকাল থেকে পাহাড়ের নাগরিকদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য কাজ করে আসছেন। তিনি এ বয়সেও বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে পিসিএনপি ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন।











