পিতার সাথে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল স্কুলছাত্র আদর

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাঁশঘাটা স্টেশন সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদর দাশ চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খোদারকুম এলাকার প্রদীপ দাশের ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা যায়, প্রদীপ দাশ তাঁর তিন সন্তানকে নিয়ে মাতামুহুরী নদীতে গোসল করতে যান। এ সময় তাঁরা চোরাবালিতে আটকে পড়েন। স্থানীয়দের সহায়তায় নিতাই ও নিমাই নামে অপর দুই সন্তানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আদর দাশ নিখোঁজ হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়, কিন্তু ততক্ষণে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।












