ফটিকছড়ি পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচ্ছন্ন ও নান্দনিক পৌর শহর গড়ার লক্ষ্যে ফটিকছড়িতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফটিকছড়ি পৌরসভার প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও আশপাশের স্থান থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
উদ্বোধনকালে সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘পরিচ্ছন্নতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ জরুরি।’
তিনি বলেন, ফটিকছড়ি পৌরসভাকে পরিচ্ছন্ন ও নান্দনিক হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে। এ কাজে পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন।
কর্মসূচিতে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (সচিব) বিপ্লব মুহুরীসহ কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা অংশ নেন।











