বন্য হাতি রক্ষা ও সংঘাত প্রশমনে ঈদগাঁওয়ে সচেতনতা সভা

কক্সবাজারের ঈদগাঁওয়ে মানুষ ও হাতির সংঘাত প্রশমন এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এই সভায় বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেকও বিতরণ করা হয়।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রাশিক আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। তিনি বলেন, "বন্যপ্রাণী ও হাতি সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য রক্ষায় নির্বিচারে বন্যপ্রাণী শিকার বা নিধন থেকে বিরত থাকতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, বনবিভাগের পক্ষ থেকে হাতি বিচরণ এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। সভাপতির বক্তব্যে মো. রাশিক আহসান বলেন, "হাতি লোকালয়ে চলে আসলে আক্রমণ না করে বনবিভাগকে জানান। বন্যহাতির আক্রমণে জানমালের ক্ষতি হলে সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে।"
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়াসহ বনবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে হাতির আক্রমণে নিহত, আহত ও ফসলের ক্ষতির শিকার তিনটি পরিবারের প্রতিনিধির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।









