বাঁশখালীতে আশার পক্ষ থেকে ১৫ হাজার ৭৭০ গ্রাহককে আর্থিক সহায়তা

বাঁশখালীতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে ১৫ হাজার ৭৭০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাহককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সংস্থাটির জলদী ব্রাঞ্চ অফিসে এ সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশা চট্টগ্রাম বিভাগের সিনিয়র এডিশনাল ডিভিশন ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম।
আশার বাঁশখালী রিজিনাল ম্যানেজার মোরশেদুল আলমের সভাপতিত্বে উক্ত সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ ওলিয়ার রহমান, জলদী শাখার ব্রাঞ্চ ম্যানেজার কাজল পাল, বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সাঙ্গু ও খবরের কাগজ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী, প্রেস ক্লাবের সেক্রেটারি ও দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, মাওলানা শেখ মুহাম্মদ ইসমাইল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশা চট্টগ্রাম বিভাগের সিনিয়র এডিশনাল ডিভিশন ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “বাঁশখালীসহ বন্যাকবলিত এলাকাগুলোতে আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত গ্রাহককে ১ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দিচ্ছি। একই সাথে ৩ মাস ঋণের কিস্তি আদায় স্থগিত রেখেছি। তবে কেউ স্বেচ্ছায় ঋণের কিস্তি পরিশোধ করে নতুন ঋণ নিতে চাইলে আমরা সহজে তা হালনাগাদ করে দেব। তা ছাড়া বন্যাকবলিত এলাকায় সুদমুক্ত ১০ হাজার টাকা পর্যন্ত ঋণও বিতরণ করা হবে।”
পরে সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন নজরুল ইসলাম।
উল্লেখ্য, আশা চট্টগ্রাম (পটিয়া) জেলার বাঁশখালী উপজেলার ৬টি ব্রাঞ্চ—বাঁশখালী, চাম্বল, গুনাগরি, নাপোড়া ও কেবি বাজার ব্রাঞ্চের ৫০০ জন সদস্যকে ৫ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।
এ ছাড়া ক্ষতিগ্রস্তদের জমাকৃত সঞ্চয়ের শতভাগ উত্তোলনের সুযোগ, ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান এবং ৩ মাস কিস্তি আদায় স্থগিত রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রয়েছে। দেশের যেকোনো দুর্যোগকালে আশা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করে থাকে।











