বাঁশখালীতে চেতনানাশক প্রয়োগ করে ৩ লাখ টাকা চুরি, নারী গ্রেপ্তার

বাঁশখালীতে চেতনানাশক প্রয়োগ করে ৩ লাখ ৪৫ হাজার টাকা চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে নগরীর বাকলিয়া এলাকা থেকে মোহসেনা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৩০ জুলাই দুপুর ১টার দিকে বাঁশখালী পৌরসভার জিএস প্লাজা শপিং কমপ্লেক্সের প্রাইম ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাবেয়া খাতুন (৫৭) ব্যাংক থেকে ৩ লাখ ৩৬ হাজার টাকা তোলেন এবং তার কাছে থাকা আরও ৯ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে জিএস প্লাজার সামনে আসেন। এ সময় অভিযুক্ত মোহছেনা বেগম (৩৫) ও তার সহযোগী মো. রবিউল (৪৫)-সহ অজ্ঞাতপরিচয় কয়েকজন ভুক্তভোগীর নাক-মুখে চেতনানাশক বা 'শয়তানের নিঃশ্বাস' জাতীয় পদার্থ প্রয়োগ করে তাকে দিশেহারা করে ফেলেন। একপর্যায়ে তারা ভুক্তভোগীকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সঙ্গে থাকা নগদ ৩ লাখ ৪৫ হাজার টাকা চুরি করে পালিয়ে যান।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরবর্তীতে বিষয়টি বাঁশখালী থানায় জানানো হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের সার্বিক তত্ত্বাবধানে ও এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে বাকলিয়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত মোহছেনা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে জব্দ করে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।











